অস্ট্রেলিয়া থেকে আমেরিকা যাওয়ার পথে গায়েব এফ,৩৫ বিমানের যন্ত্রাংশ, চরম অস্বস্তিতে পেন্টাগন – এবেলা

এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়া থেকে মেরামতির জন্য আমেরিকার টেক্সাসে লকহিড মার্টিনের প্ল্যান্টে পাঠানোর পথে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ,৩৫-এর অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু যন্ত্রাংশ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। দক্ষিণ কোরিয়া হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা থাকলেও কার্গো বিমানটি অজানা কারণে হংকংয়ে অবতরণ করার পর থেকেই এই চুরির ঘটনা সামনে আসে। নিখোঁজ হওয়া যন্ত্রাংশের মধ্যে রয়েছে বিশেষ প্রযুক্তিতে তৈরি অতি সংবেদনশীল ককপিট ক্যানোপি, যা রেডার তরঙ্গকে প্রতিফলিত করে বিমানকে শত্রুপক্ষের সেন্সরের চোখ থেকে আড়াল রাখতে মুখ্য ভূমিকা পালন করে।
হংকং চীনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় এই ঘটনায় তীব্র উৎকণ্ঠা প্রকাশ করেছেন ওয়াশিংটনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পেন্টাগনের আশঙ্কা, চীন তাদের গবেষকদের মাধ্যমে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে এফ,৩৫-এর এই শীর্ষমানের স্টেলথ প্রযুক্তির গোপনীয়তা উন্মোচন করতে পারে। অস্ট্রেলিয়া এই পুরো বিষয়টিকে লজিস্টিকসের ত্রুটি হিসেবে অভিহিত করেছে এবং লকহিড মার্টিন কার্গো পরিবহনের দায় এড়িয়ে গেলেও পেন্টাগন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক সামরিক পরিমণ্ডলে এই ঘটনাপ্রবাহ চীনের একটি বড় কৌশলগত চাল হিসেবে বিবেচিত হচ্ছে।
