মেয়েকে বাঁচাতে গিয়ে রক্তারক্তি! শাশুড়িকে ধারালো অস্ত্রের কোপ ঘরজামাইয়ের – এবেলা

মেয়েকে বাঁচাতে গিয়ে রক্তারক্তি! শাশুড়িকে ধারালো অস্ত্রের কোপ ঘরজামাইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

কাটোয়া: পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠল ঘরজামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার বাঁদরা এলাকায়। জখম বৃদ্ধার নাম মণিকা ঘোষাল (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত ঘরজামাই প্রদ্যুৎ ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের উদ্ধানপুরের যুবক প্রদ্যুৎ ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল কাটোয়ার বাঁদরার বাসিন্দা মণিকা ঘোষালের মেয়ে ঝুমার। বিয়ের পর থেকেই প্রদ্যুৎ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকত। তবে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির মধ্যে প্রায়শই গোলমাল লেগে থাকত।

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্ত্রী ঝুমার সঙ্গে ফের নতুন করে বচসায় জড়িয়ে পড়ে প্রদ্যুৎ। অশান্তি চরমে উঠলে মেয়েকে বাঁচাতে এবং ঝগড়া থামাতে এগিয়ে আসেন বৃদ্ধা শাশুড়ি মণিকা ঘোষাল। অভিযোগ, শাশুড়ির প্রতিবাদ সহ্য করতে না পেরে আচমকা একটি ধারালো অস্ত্র এনে মণিকা দেবীর ওপর ঝাঁপিয়ে পড়ে প্রদ্যুৎ। এলোপাথাড়ি কোপ মারায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা।

মায়ের ওপর নৃসংশ হামলা দেখে মেয়ে ঝুমা চিৎকার শুরু করলে ধরা পড়ার ভয়ে চম্পট দেয় অভিযুক্ত প্রদ্যুৎ। প্রতিবেশীরা ছুটে এসে জখম বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বেশ কিছু সময় ধরে তাঁর অস্ত্রোপচার চালানো হয়।

খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক প্রদ্যুৎ ঘোষের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি হামলায় ব্যবহৃত অস্ত্রটির সন্ধান করা হচ্ছে। দম্পতির বিবাদের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *