ধর্ষণের অভিযোগে দুই ভাইয়ের কাণ্ড ফাঁস! মারতে মারতে থানায় নিয়ে গেলেন জনতা – এবেলা

এবেলা ডেস্কঃ
নদিয়ার চাকদহে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক যুবতীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও চিত্রায়নের অভিযোগ উঠেছে চয়ন রায় নামক এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই ভিডিও দেখিয়ে যুবতীকে নিয়মিত ব্ল্যাকমেল ও অর্থ দাবি করা হতো, যা সহ্য করতে না পেরে তিনি বিষপানের মতো চরম সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ওই ভিডিওটি তার জ্যাঠতুতো ভাই অসীম রায়কেও দেওয়া হয় এবং সে-ও ভয় দেখিয়ে যুবতীকে নির্যাতন করে। উপরন্তু, ভুয়ো পুলিশ পরিচয়েও ঘটনাটি ধামাচাপা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয় বলে নির্যাতি পরিবারের দাবি।
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। উত্তেজিত জনতা দুই অভিযুক্তকে হাতেনাতে ধরে মারধর করতে করতে সরাসরি থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। চাকদহ থানার পুলিশ ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করেছে। ব্ল্যাকমেল, ভিডিও ছড়িয়ে দেওয়া এবং এই চক্রের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
