সাংবাদিক শ্লীলতাহানিতে অভিযুক্ত দিল্লি পুলিশের অফিসারের চাঞ্চল্যকর চিঠি, নিজেই চাইলেন পদোন্নতি স্থগিত রাখতে! – এবেলা

সাংবাদিক শ্লীলতাহানিতে অভিযুক্ত দিল্লি পুলিশের অফিসারের চাঞ্চল্যকর চিঠি, নিজেই চাইলেন পদোন্নতি স্থগিত রাখতে! – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষোভ চলাকালীন এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে গুরুতর বিতর্কের কেন্দ্রে আসেন দিল্লি পুলিশের আধিকারিক বিবেক ভগত। ককরোচ জনতা পার্টির তরফে তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে ক্রাইম ব্রাঞ্চে এফআইআর ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়। এর মধ্যেই গত সোমবার দিল্লি পুলিশের রুটিনমাফিক পদোন্নতির তালিকায় ১২ জন আধিকারিকের সঙ্গে তাঁর নামও অন্তর্ভুক্ত হওয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে, গুরুতর যৌন হেনস্থার অভিযোগ মাথায় নিয়েও কীভাবে অ্যাডিশনাল ডিসিপি পদে পদোন্নতি পেলেন ওই অভিযুক্ত অফিসার?

চারিদিকে এই প্রবল সমালোচনার মুখে পড়ে শেষপর্যন্ত নিজেই চাঞ্চল্যকর পদক্ষেপ নিলেন অভিযুক্ত আধিকারিক। কনট প্লেস থানা এলাকার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার বিবেক ভগত সরাসরি দিল্লি পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠিয়ে তাঁর পদোন্নতির নির্দেশ সাময়িকভাবে স্থগিত রাখার বিশেষ আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে, এক ইউটিউবারের করা অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ক্রাইম ব্রাঞ্চে তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তাই আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই তাঁর এই পদোন্নতি আপাতত স্থগিত রাখা হোক বলে অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *