পুজোর মাসেই বিরাট আর্থিক সুখবর পাচ্ছেন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজ্যের নির্দিষ্ট শ্রেণির পুলিশকর্মীদের জন্য বড়সড় আর্থিক সুখবর দিল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। আগামী ১ অক্টোবর থেকে এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে পুলিশকর্মীদের রেশন ভাতা। এর আগে ২০১৭ সালের নির্দেশিকা অনুযায়ী সার্জেন্ট, সাব-ইনস্পেক্টর এবং তার নিচের পদমর্যাদার কর্মীরা মাসে ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন। নতুন বিজ্ঞপ্তি জারির ফলে সেই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে মাসে ২০০০ টাকা। অর্থাৎ, চলতি পুজোর মাস থেকেই সংশ্লিষ্ট পুলিশকর্মীরা প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন, যার ফলে বছরে মিলবে মোট ৬,০০০ টাকার বাড়তি আর্থিক সুবিধা।
সরকারি নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, ১ অক্টোবর থেকেই বর্ধিত হারের এই রেশন ভাতা কার্যকর করা হচ্ছে। তবে এই ভাতা পাওয়ার ক্ষেত্রে পুরনো নিয়ম, নির্দেশিকা ও অন্যান্য শর্তাবলীতে কোনও বদল আনা হয়নি। পরিদর্শকের (ইন্সপেক্টর) নিচের পদমর্যাদার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীরাই মূলত এই নতুন সিদ্ধান্তের সুবিধা উপভোগ করতে পারবেন। পুজোর ঠিক মুখে রেশন ভাতা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সংশ্লিষ্ট পুলিশকর্মীরা। এই গুরুত্বপূর্ণ ঘোষণার ফলে অক্টোবর মাস থেকেই বর্ধিত বেতনের অর্থ সরাসরি হাতে পাবেন রাজ্য ও কলকাতার মাঠ পর্যায়ের পুলিশকর্মীরা।
