ওয়েস্ট বেঙ্গল অতীত, এবার ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’! বিধানসভায় নাম বদলের প্রস্তাব আনছে সরকার – এবেলা

ওয়েস্ট বেঙ্গল অতীত, এবার ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’! বিধানসভায় নাম বদলের প্রস্তাব আনছে সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

ইংরেজির ক্ষেত্রেও রাজ্যের সরকারি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নাম পরিবর্তনের উদ্দেশ্যে খুব শীঘ্রই রাজ্য বিধানসভায় একটি আনুষ্ঠানিক প্রস্তাব আনা হচ্ছে। বিধানসভায় প্রস্তাবটি পাশ হওয়ার পর তা চূড়ান্ত বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

রাজ্যের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ নাম বজায় রাখার বিষয়ে সওয়াল করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এই বক্তব্যকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ইংরেজিতেও রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্দেশ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। উল্লেখ্য, এর আগে পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যের নাম সব ভাষাতেই ‘বাংলা’ করার একটি প্রস্তাব বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রে পাঠানো হলেও, তাতে ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় সরকার।

প্রশাসন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের এই নাম পরিবর্তনের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। একদিকে এটি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও রাজনৈতিক পরিচয়কে সুরক্ষিত করবে, অন্যদিকে প্রশাসনিক ক্ষেত্রেও এনে দেবে বড় সুবিধা। বর্তমানে ‘West Bengal’ হওয়ার কারণে আদ্যাক্ষর ‘W’-এর দরুন কেন্দ্রীয় বৈঠকগুলিতে রাজ্যের প্রতিনিধিরা সবার শেষে কথা বলার সুযোগ পান। কিন্তু ইংরেজিতে নাম ‘Paschimbanga’ (P) হলে বর্ণানুক্রমিক তালিকায় রাজ্য অনেকটাই এগিয়ে আসবে, ফলে কেন্দ্রীয় দরবারে রাজ্যের বক্তব্য আরও আগে তুলে ধরা সম্ভব হবে।

সম্প্রতি কেরল রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই পথ ধরেই এবার রাজ্য বিধানসভার মাধ্যমে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রক্রিয়া নতুন গতি পেতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *