অভাবনীয় মোড় নাড্ডার কনভয়ে হামলার তদন্তে,কড়া ধারায় ফাসল বড় তৃণমূল নেতা! – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এবার এক বড়সড় মোড় এল। প্রায় ছয় বছর আগের সেই চাঞ্চল্যকর মামলায় নাম জড়িয়েছে জেলবন্দি প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের এক প্রভাবশালী নেতার। তদন্তে নেমে উস্তি থানার পুলিশ এই মামলায় নতুন করে যুক্ত করেছে তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার নিশ্চিত করেছেন যে, জাহাঙ্গির খানসহ মোট চারজনকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাকি অভিযুক্তরা হলেন তৌসিফ আহমেদ, আরিফ হোসেন এবং আনিসুর রহমান। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ইতোমধ্যে দু’টি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে কড়া মামলা রুজু করা হয়েছে এবং তাদের ছয় দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নাড্ডার কনভয়ে হামলার নেপথ্যে ধৃতদের ঠিক কী ভূমিকা ছিল, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং এই চক্রান্তে আর কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
