চোখের সামনে মৃত্যুর লাইভ! জঙ্গলে আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
গত রবিবার গুজরাটের দাহোদের সিংওয়াড় তালুকের হীরাপুর গ্রামের একটি নির্জন জঙ্গল থেকে মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসে। ২৩ বছরের এক যুবক এবং ১৬ বছরের এক কিশোরী দাহোদের ওই জঙ্গলে গিয়ে ইনস্টাগ্রামে লাইভ সম্প্রচার শুরু করেন। সেই লাইভ ভিডিওর মাধ্যমেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই তরুণ-তরুণী। তাৎপর্যপূর্ণভাবে, তাঁদের এই ভয়ংকর কাণ্ড লাইভ দেখতে পান পরিবারের সদস্য ও আত্মীয়সহ অন্তত ৫৭ জন দর্শক। পরিস্থিতি বুঝতে পেরে আতঙ্কিত পরিবারের লোকজন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও দুই পরিবারই তাতে আপত্তি জানিয়েছিল। এই পারিবারিক বিরোধের জেরেই তাঁরা এই চরম পথ বেছে নেন বলে প্রাথমিক অনুমান। ঘটনার পরই পুলিশ দ্রুত ওই যুগলকে উদ্ধারে নামে, কিন্তু জঙ্গলঘেরা এলাকার দুর্বল নেটওয়ার্কের কারণে সঠিক অবস্থান শনাক্ত করতে কিছুটা সময় লেগে যায়। ফলে শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি স্বেচ্ছায় আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
