‘কল্কি মোদি, ধর্ম পুনঃপ্রতিষ্ঠায় বিষ্ণুর শেষ অবতার!’ ভুটানের প্রধানমন্ত্রীর মন্তব্যে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
রাষ্ট্রের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের নিরবচ্ছিন্ন সেবার ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভারতের প্রধানমন্ত্রীকে নিজের বড় ভাই হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাঁকে বিষ্ণুর শেষ অবতার বা কল্কি বলে সম্বোধন করেছেন তিনি। বিশৃঙ্খলা দূর করা এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠার নিরিখেই মোদির সঙ্গে এই আধ্যাত্মিক তুলনার কথা প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।
পাশাপাশি, মোদির দূরদর্শী নেতৃত্বে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও জোরালো হয়েছে, সে কথাও সগৌরবে তুলে ধরেছেন শেরিং তোবগে। তাঁর মতে, ‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠস্বর বিশ্বমঞ্চে জোরালো করা এবং আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নেপথ্যে রয়েছে মোদির সফল নেতৃত্ব ও প্রজ্ঞা। ভারত ও ভুটানের পারস্পরিক বন্ধুত্বের গভীরতাও জোরালোভাবে ফুটে উঠেছে তাঁর এই বক্তব্যে।
