রেজিনগরে ফলঘোষণার আগেই নাটকীয় মোড়, হুমায়ুনের পর রাজনীতিকে বিদায় রবিনেরও! – এবেলা

এবেলা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনের ফলাফল প্রকাশের আগেই রাজ্য রাজনীতিতে শুরু তীব্র তোলপাড়। রেজিনগরে প্রহসনের ভোট এবং পুলিশি অত্যাচারের মারাত্মক অভিযোগ তুলে এবার সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ রবিন। এর আগে একই সুর চড়িয়ে রাজনীতি ছাড়ার বার্তা দিয়েছিলেন তাঁর বাবা, নওদার বিধায়ক তথা দলের প্রধান হুমায়ুন কবীর। আগামী শুক্রবার ভোটগণনা থাকলেও তিনি গণনা কেন্দ্রে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রবিন। বাবা ও ছেলের একযোগে রাজনৈতিক অবসরের এমন নজিরবিহীন সিদ্ধান্তে এখন গভীর অনিশ্চয়তার মুখে আম জনতা উন্নয়ন পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ।
নিজেদের ছোট দল হিসেবে উল্লেখ করে রবিন স্পষ্ট জানান, পুলিশ প্রশাসনের সাথে যুদ্ধ করে রাজনীতি করা সম্ভব নয়। বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সদস্য পদে দায়িত্ব পালন করা সত্ত্বেও এ ধরনের নোংরা রাজনীতির অংশ হতে চান না বলে ক্ষোভ উগরে দেন তিনি। তবে বাবার সিদ্ধান্ত দেখে নয়, বরং নিজের অভিজ্ঞতা থেকেই সরার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি হুমায়ুন-পুত্রের। আপাতত পরিবার ও ছোট মেয়েকে সময় দেওয়ার কথা জানালেও, ভবিষ্যতে মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেলে তবেই ময়দানে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। তবে তাঁদের দল আদৌ টিকে থাকবে কি না, সে প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়েছেন রবিন।
