ফেসবুক খুললেই এবার ফুল-স্ক্রিন রিলস? ভারতে নতুন পরিবর্তন পরীক্ষা করছে মেটা – এবেলা

এবেলা ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেনা রূপ বদলে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে মেটা। ভারতের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর ওপর একটি নতুন ইন্টারফেসের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে সংস্থাটি। এই নতুন সিস্টেমে ফেসবুক অ্যাপটি খুললেই চেনা নিউজ ফিডের বদলে সরাসরি সামনে ভেসে উঠবে ফুল-স্ক্রিন ভিডিও ও রিলস।
তবে কি ফেসবুক থেকে লেখা বা ছবি পোস্টের অপশন উঠে যাচ্ছে? বিষয়টি কিন্তু তেমন নয়। মেটা স্পষ্ট করেছে যে সাধারণ নিউজ ফিড সুবিধাটি বন্ধ হচ্ছে না। ইউজাররা চাইলে আলাদা ট্যাব থেকে বা খুব সহজেই পুরনো ফিড-ফার্স্ট অভিজ্ঞতায় ফিরে যেতে পারবেন এবং বন্ধুদের পোস্ট, ছবি বা লেখা দেখতে পাবেন।
কেন হঠাৎ এই পরিবর্তন? মেটার বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য অনুযায়ী, ভারতে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটিরও বেশি। শর্ট ভিডিওর জনপ্রিয়তা কাজে লাগিয়ে ইউজারদের অ্যাপে কাটানো সময় বাড়াতেই এই পদক্ষেপ। মেটার সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে:
- তরুণ ব্যবহারকারীরা ফেসবুকে কাটানো সময়ের প্রায় ৬০ শতাংশই ব্যয় করেন ভিডিও দেখার পেছনে।
- ভারতে মেটার সমীক্ষায় অংশগ্রহণকারী ৯৭ শতাংশ ইউজার প্রতিদিন ভিডিও দেখেন।
- জেন-জি (Gen Z) প্রজন্মের ৮৯ শতাংশ মানুষ প্রতিদিন রিলস দেখেন।
ভিডিও-কেন্দ্রিক কৌশলে মেটা ২০২০ সালে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকেই ছোট ভিডিওর চাহিদা বিপুল বৃদ্ধি পায়। সেই ট্রেন্ড বজায় রাখতে গত বছরই ফেসবুক তাদের ভিডিও ট্যাবের নাম বদলে ‘রিলস’ করেছে এবং যেকোনো দৈর্ঘ্যের নতুন ভিডিওকে রিলসের আওতায় এনেছে।
বর্তমানে পুরো বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মেটা পর্যবেক্ষণ করে দেখছে অ্যাপ খুললেই সরাসরি ভিডিও দেখা গেলে ইউজারদের এনগেজমেন্ট কতটা বাড়ে। এই পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে ভবিষ্যতে সব ফেসবুক ব্যবহারকারীর জন্যই চেনা ফিডের জায়গা করে নিতে পারে ফুল-স্ক্রিন ভিডিও।
