মহালয়ার আগেই বদলাচ্ছে আবহাওয়া! জোড়া ঘূর্ণাবর্তে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কমলা সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে আবারও বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জোড়া ঘূর্ণাবর্ত এবং তিনটি শক্তিশালী অক্ষরেখার মিলিত প্রভাবে চলতি সপ্তাহজুড়েই পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া ও সতর্কতা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ ব্যবস্থার কারণে কাল থেকেই দক্ষিণজুড়ে ঝড়-বৃষ্টির দাপট দেখা যেতে পারে।
কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সমগ্র দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার ও শনিবার (মহালয়া) পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের সময় ঘনালেও বৃহস্পতিবার থেকে সেখানেও বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।
মহালয়ার পর ও পুজোর পূর্বাভাস মহালয়ার পর থেকে দক্ষিণবঙ্গে কয়েকদিনের জন্য বৃষ্টি কিছুটা কমতে পারে এবং আবহাওয়া সাময়িকভাবে শুকনো থাকতে পারে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নতুন নিম্নচাপের প্রভাবে পুজোর ঠিক মুখেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
