যোশিতা আর অনভির ছদ্মবেশে ভয়ংকর পাক চক্রান্ত! নিশানা কি তবে ভারতীয় নৌসেনা? – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্ধ্র প্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স সেলের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন ফায়ারওয়াল’ অভিযানে পর্দাফাঁস হলো এক বড়ো পাকিস্তানি গুপ্তচর চক্রের। ভারতের নৌসেনাকে নিশানা করতে ‘যোশিতা পাল’ ও ‘অনভি মেহতা’-র মতো ভুয়ো নাম ব্যবহার করে সাইবার পাতা ফাঁদ পেতেছিল পাক স্পাই নেটওয়ার্ক। টার্গেটে থাকা ১৮ জনের মধ্যে ১৩ জনই ভারতীয় নৌসেনার অফিসার। এই ঘটনায় ইতিমধ্যে প্রদীপ মুখোপাধ্যায় ও অন্নম সাই বরাপ্রসাদ নামের দুই নৌসেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল এই চক্রটি।
নিজেকে মুম্বইয়ের জাহাজ নির্মাণ সংস্থার কর্মী বা দিল্লির মনোবিদ পরিচয় দিয়ে অভিযুক্তরা ভিডিয়ো ও ভয়েস কলের মাধ্যমে জাহাজের ছবি ও সংবেদনশীল এলাকার গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করে। বিশাখাপত্তনমের মতো নৌসেনার ইস্টার্ন কমান্ড কেন্দ্রগুলো বিশেষত তাদের লক্ষ্য ছিল। এমনকি ক্রিপ্টোকারেন্সি ও বিশেষ ওটিপি ব্যবহারের মাধ্যমে আর্থিক লেনদেনের প্রমাণও মিলেছে। অন্ধ্র প্রদেশ সহ দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের যৌথ উদ্যোগে এই তদন্ত চলছে এবং নেটওয়ার্কের বাকি সন্দেহভাজনদের খোঁজ শুরু হয়েছে।
