অবশেষে প্রশ্নের মুখে সাংসদদের নিরাপত্তা! রাজ্যকে এক চরম নির্দেশ দিল হাই কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সাংসদ ও ভিআইপিদের নিরাপত্তায় নির্দিষ্ট কোনো নির্দেশিকা বা নিয়ম রয়েছে কি না, সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে অবস্থান স্পষ্ট করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মহুয়ার আইনজীবী আদালতে দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘ইয়েলো বুক’ অনুযায়ী সাংসদদের নিরাপত্তার নিয়ম নির্ধারিত এবং ডিম ছোড়ার মতো হামলার ঘটনার পর পুরো রাজ্য থেকেই এই নিরাপত্তা প্রত্যাহার করা অনুচিত।
এই মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার নিয়মকানুন খতিয়ে দেখার জন্য সময় চাইলে আদালত আগামী সাত দিনের মধ্যে তা উপস্থাপনের নির্দেশ দেয়। অন্যদিকে, রাজ্যের পক্ষে জানানো হয় যে ডিম ছোড়ার ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অন্য একটি মামলা বিচারাধীন। সাংসদের গোটা রাজ্য জুড়ে পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে এই হাই কোর্টের সিদ্ধান্তের ওপর এখন নজর সবার। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
