‘আমাদের পিছনে লাগবি না!’ সিপিআইএম নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, আত্মরক্ষায় বন্দুকের লাইসেন্স চান বিকাশ – এবেলা

‘আমাদের পিছনে লাগবি না!’ সিপিআইএম নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, আত্মরক্ষায় বন্দুকের লাইসেন্স চান বিকাশ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা বাইপাস সংলগ্ন এলাকায় সিপিআইএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবনে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ভোরের আলো ফোটার মুখেই নিস্তব্ধতা ভেঙে কয়েকটি মোটরসাইকেলে চেপে আসে একদল মুখ ঢাকা দুষ্কৃতী। অভিযোগ, বিকাশবাবুর বাড়িকে লক্ষ্য করে হঠাৎই একের পর এক বিয়ারের বোতল ছুড়তে শুরু করে তারা। গালিগালাজের পাশাপাশি চলে তাণ্ডব। এই বোতলবৃষ্টির জেরে বাড়ির একাধিক কাচের জানলা ভেঙে চুরমার হয়ে যায় এবং একটি সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজের বাড়িতেই উপস্থিত ছিলেন। চলে যাওয়ার আগে দুষ্কৃতীরা স্পষ্টভাবে হুমকি দিয়ে যায়, “আমাদের পিছনে লাগতে আসবি না।”

এই ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ। তিনি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে কলকাতার নগরপালের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সের আবেদন করার কথা ভাবছেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বিকাশবাবু জানান, ভবিষ্যতে ফের এমন হামলা হলে তিনি হাত গুটিয়ে থাকবেন না, পাল্টা জবাব দেবেন।

ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো শত্রুতা রয়েছে, নাকি আইনজীবী হিসেবে তাঁর পেশাগত আক্রোশ থেকে এই হামলা—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমিধ্যেই পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের পরিচয় জানতে এবং হামলার মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *