‘আমরা দেশভক্ত, আমাদের পেছনে লাগবি না!’ বিকাশের বাড়িতে মদের বোতল ছুড়ে তাণ্ডব দুষ্কৃতীর – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা শহরজুড়ে। বৃহস্পতিবার সাতসকালে গামছায় মুখ বাঁধা এক বাইকআরোহী দুষ্কৃতী তাঁর বাসভবনের সামনে এসে তাণ্ডব চালায়। হাতে থাকা সাদা প্যাকেট থেকে পরপর মদের বোতল ছুড়ে বাড়ির জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরমার করে দেয় সে। ঘটনার সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হামলাকারী নিজেকে ‘দেশভক্ত’ ও ‘ভারত মায়ের সন্তান’ বলে দাবি করতে থাকে। আচমকা এই হামলায় বিকাশবাবুর পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় থানায় লিখিত এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি আক্ষেপের সুরে জানান, দুষ্কৃতী তাণ্ডবের পর তিনি এখন নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে পুলিশ কমিশনারের কাছে রিভলবারের লাইসেন্সের আবেদন করবেন। এই চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত দুষ্কৃতীকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
