পুজোয় ডিজে-লেজার লাইটে কড়া ‘নো’! বিধাননগর পুলিশের একগুচ্ছ নির্দেশিকা, বিসর্জনেও বদল নিয়ম – এবেলা

পুজোয় ডিজে-লেজার লাইটে কড়া ‘নো’! বিধাননগর পুলিশের একগুচ্ছ নির্দেশিকা, বিসর্জনেও বদল নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজারহাট: আসন্ন দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। উৎসবে লেজার লাইটের ব্যবহার এবং ডিজে বাজানোর ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করে উদ্যোক্তাদের সতর্ক করেছেন বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভরত। বুধবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে কমিশনারেট এলাকার সমস্ত পুজো কমিটির কর্তাদের নিয়ে আয়োজিত এক সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

চলতি বছর বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় প্রায় ১,০০১টি দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। বিমান চলাচলের সুরক্ষার কথা মাথায় রেখে বিমানবন্দর সংলগ্ন অঞ্চলগুলিতে লেজার লাইট ব্যবহারের ওপর বিশেষ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এছাড়া, পূর্বানুমতি ছাড়া মণ্ডপ বা তার আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো যাবে না। মণ্ডপে আসা শিশু ও বয়স্ক দর্শনার্থীদের সুরক্ষায় পুজো কমিটিগুলিকে বাড়তি নজর দিতে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন।

প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও আনা হয়েছে বিশেষ বদল। এ বার বিসর্জনের সময় ক্রেন ব্যবহার করা যাবে না; ট্রলির সাহায্যেই প্রতিমা ঘোরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে পুজো উদ্যোক্তারা পানীয় জল, পথের আলো ও রাস্তাঘাট সংক্রান্ত কিছু সমস্যার কথা তুলে ধরলে প্রশাসন তা দ্রুত সমাধানের আশ্বাস দেয়। দর্শনার্থীরা যাতে অনায়াসে মণ্ডপে পৌঁছাতে পারেন, তার জন্য বিধাননগর কমিশনারেটের তরফে একটি নির্দেশক রুটম্যাপও প্রকাশ করা হয়েছে। পুজোর দিনগুলিতে ভিড় সামলানো ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *