পুজোর মুখে ভুতনিতে বিরাট স্বস্তি! ২৪২ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভয়াবহ গঙ্গাভাঙন ও বন্যায় বিপর্যস্ত মালদহের ভুতনিসহ বিভিন্ন এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে পুজোর ঠিক আগে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সর্বস্ব হারানো বানভাসী মানুষের মুখে হাসি ফোটাতে ২৪২ কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টার থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি জানান, মহালয়া ও দুর্গোৎসবের আগে দুর্গতদের ন্যূনতম অন্ন, বস্ত্র ও বাসস্থানের সংস্থান করতে সরকার বদ্ধপরিকর। ২১টি সরকারি ত্রাণশিবির এবং ২৫টি কমিউনিটি কিচেনের মাধ্যমে নিয়মিত খাবার ও ত্রাণ বিতরণের পাশাপাশি গবাদি পশুদের জন্যও খাদ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মালদহে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ২৪ হাজার ৫৯৫টি বাড়ি মেরামতের জন্য পরিবারপিছু ১ লক্ষ ৮০ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৩৪০টি পরিবারের জন্য ৯০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি, ৫ হাজার পরিবারকে পুজোর উপহার হিসেবে পোশাক ও খাদ্যসামগ্রী দেওয়া হবে। গঙ্গাভাঙনের স্থায়ী সমাধানের লক্ষ্যে কানপুর আইআইটির ওপর দায়িত্ব দিয়ে কেন্দ্র সরকারের কাছে ৩,৩০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
