অবিশ্বাস্য লড়াই! দেড় হাজার কিলোমিটার দূর থেকে আকাশপথে উড়ে এল বিরল রক্ত, বাঁচল রোগীর প্রাণ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রক্তের নেই কোনো ধর্ম, আছে কেবল জীবন বাঁচানোর তাগিদ। ক্যানিংয়ের বাসিন্দা বছর একাত্তরের সইফুল সর্দার কেপিসি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর অস্ত্রোপচারের জন্য অত্যন্ত বিরল ‘বোম্বে ব্লাড গ্রুপ’-এর রক্ত প্রয়োজন হয়ে পড়ে। ভারতে প্রতি দশ হাজার জনে মাত্র একজনের শরীরে এই রক্তের সন্ধান মেলে। কিন্তু পশ্চিমবঙ্গে এই বিরল গ্রুপের রক্ত সহজে জোগাড় করা সম্ভব না হওয়ায় চরম সংকট তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে ‘লেট আস কেয়ার ফর ইউ’ সংগঠন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় পুণে থেকে আকাশপথে নির্দিষ্ট তাপমাত্রায় উড়িয়ে আনা হয় জীবনদায়ী এই রক্ত।
ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশনের জাতীয় সভাপতি বিশ্বরূপ বিশ্বাস জানান, রাজ্যে বোম্বে ব্লাড গ্রুপের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে এবং এই বিরল রক্তের লালন ও পরিবহনে বিশেষ সতর্কতা নিতে হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর রোগীর দেহে সফলভাবে রক্ত প্রয়োগ করা হয়। সাধারণ পরিচিত রক্ত গ্রুপের মতো এই রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, ফলে অন্য কোনো গ্রুপের রক্ত প্রসেসিং করাও আসাম্ভব। সুরজ নামের এক দাতার মহানুভবতা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় সুদূর পুণে থেকে রক্ত এনে রোগীকে নতুন জীবনদান এক অনন্য নজির সৃষ্টি করল।
