নস্টালজিয়া উসকে আবার কি ফিরছে ওরকুট, এআইয়ের দাপট ঠেকাতে প্রতিষ্ঠাতার নতুন পদক্ষেপ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় আজকের মতো রিলস, অ্যালগরিদমের দৌরাত্ম্য কিংবা স্ক্রোলিং শুরু হওয়ার অনেক আগে মানুষকে আসল সংযোগের অর্থ শিখিয়েছিল ‘ওরকুট’। ২০০৪ সালে গুগলকর্মী ওরকুট বাইয়ুককিতেন প্ল্যাটফর্মটি তৈরি করেছিলেন, যা ৯০-এর দশকের প্রজন্মের কাছে আজও এক গভীর আবেগ। এক দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর বর্তমানের ইনস্টাগ্রাম বা টিকটকের রমরমা বাজারে ফের কামব্যাকের জল্পনা উসকে দিয়েছে এই ক্লাসিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। বর্তমানে ‘orkut.com’-এ পুরনো নস্টালজিয়া ফিরিয়ে আনতে ও সত্যিকারের ব্যবহারকারীদের একত্রিত করতে একটি বিশেষ অনলাইন পিটিশন চলছে। খাঁটি মানুষ, সত্যিকারের সংযোগ ও আপন করে নেওয়ার অনুভূতি প্রতিষ্ঠার এই দাবিতে ইতিমধ্যেই বিশ্বের ১১৫টি দেশ থেকে ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
ওয়েবসাইটে এক খোলা চিঠিতে বর্তমান সোশ্যাল মিডিয়ার কড়া সমালোচনা করে প্রতিষ্ঠাতা ওরকুট বাইয়ুককিতেন লিখেছেন, ডিজিটাল জগত এখন অর্থহীন এনগেজমেন্ট, বিজ্ঞাপন আর ব্যবসায়িক ফাঁদে পরিণত হয়েছে। ইউজারদের আসক্ত ও বিভক্ত করে বিজ্ঞাপনী সংস্থার কাছে পণ্য বানানোর ফলে তরুণ প্রজন্মের মধ্যে একাকীত্ব ও মানসিক অবসাদ বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দাপট এই সমস্যাকে আরও জটিল করে তুলছে কারণ রক্তমাংসের মানুষের জায়গাও এখন দখল নিচ্ছে এআই। বর্তমানের অ্যালগরিদমনির্ভর ও খাঁচায় বন্দি সোশ্যাল মিডিয়া সংস্কৃতিকে বদলে দিয়ে একটি মানবিক, অর্থবহ এবং প্রামাণিক নেটওয়ার্ক গড়ে তুলতেই বিশ্বজুড়ে ব্যবহারকারীদের এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
