মাত্র ১ টাকায় পাতে বিরিয়ানি ও মিষ্টি! মহালয়াতেই কলকাতায় শুরু হচ্ছে ‘আহার ক্যান্টিন’ – এবেলা

মাত্র ১ টাকায় পাতে বিরিয়ানি ও মিষ্টি! মহালয়াতেই কলকাতায় শুরু হচ্ছে ‘আহার ক্যান্টিন’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: উৎসবের মরশুমে শহরের দুঃস্থ ও সাধারণ মানুষের জন্য এক অভূতপূর্ব চমক! এবার আর পাঁচ টাকা নয়, নামমাত্র ১ টাকার বিনিময়ে মিলবে পেটভরা সুস্বাদু খাবার। শুভ মহালয়ার দিন থেকেই তিলোত্তমার বুকে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন ‘আহার ক্যান্টিন’। এনডিএ-র অন্যতম জোটসঙ্গী লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রের ব্যক্তিগত উদ্যোগে কলকাতার রাজাবাজারে শুরু হতে চলেছে এই বিশেষ পরিষেবা। প্রাথমিকভাবে প্রতি শনিবার রাজাবাজারে আয়োজিত হবে এই ক্যান্টিন, যেখানে প্রতি সপ্তাহে প্রায় ২০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে খাবার পরিবেশন করা হবে।

প্রথম দিনের মেনুতে থাকছে লোভনীয় নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। অর্থাৎ মাত্র ১ টাকার বিনিময়ে একাধিক পদে তৃপ্তি পাবেন সাধারণ মানুষ। শহরের দুঃস্থ মানুষদের খাদ্যের সংস্থান ও সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে গৃহীত এই প্রয়াস মহালয়ার আবহেই তিলোত্তমাবাসীর নজর কেড়েছে। পূর্বে রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি ৫ টাকার ‘মা ক্যান্টিন’-এর নাম বদলে ‘মা আহার ক্যান্টিন’ করা হলেও, ১ টাকার বিরিয়ানি সম্বলিত এই ‘আহার ক্যান্টিন’ পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগেই পরিচালিত হবে। মহালয়ার পূণ্য তিথিতে এমন জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *