আটকে গেল গুন্ডা দমন বিল, কী কারণে স্থগিত? আসল সত্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে বহু চর্চিত গুন্ডা দমন বিল কেন এখনও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি, তা নিয়ে জলঘোলা শেষ হতে চাইছে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর না পাওয়া সংক্রান্ত জল্পনার অবসান ঘটিয়ে আসল সত্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহালয়ার দিন ব্রিগেডে ১১২ ডায়াল প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি জানান, বিলের একটি অংশ ইতিমধ্যেই লাগু করা হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় অংশটিতে এনডিপিএস আইনের আওতায় মৃত্যুদণ্ড সংক্রান্ত অনুচ্ছেদ যুক্ত থাকায় তা বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে। শুভেন্দুর আশা, অন্ধ্রপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গও দ্রুতই কেন্দ্রীয় অনুমোদন পেয়ে যাবে।
রাজ্যে পুলিশের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, পুলিশকে দুর্বল করে অপরাধ দমন আসাম্ভব। অতীতে সিভিক-নির্ভর পুলিশি ব্যবস্থার কারণে উপযুক্ত পরিকাঠামো ও ম্যানপাওয়ার না থাকায় কর্মীরা আক্রান্ত হয়েছেন। পার্কস্ট্রিট বা আসানসোলের সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা তুলে ধরে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। পুলিশের হাত শক্ত করতেই মূলত দুটি নতুন আইন আনা হয়েছে—একটি সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের থেকে ক্ষতিপূরণ আদায় এবং অন্যটি প্রিভেন্টিভ অ্যারেস্ট। গুন্ডাদমন বিলের চূড়ান্ত অনুমোদন মিললেই রাজ্য পুলিশ আরও শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে।
