২৪ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, দিল্লি পুলিশের হাত থেকে অবশেষে মুক্তি পেলেন ধ্রুব রাঠি ও ‘ককরোচ’ নেতারা! – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনুমতি ছাড়াই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কিন্তু শনিবার আন্দোলন শুরুর আগেই মুম্বই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানো মাত্র বিমান থেকে আটক করা হয় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। অন্যদিকে একই দিনে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও। দিল্লি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় সিজেপি নেতাদের সতর্কতামূলক গ্রেপ্তার দেখায়। কোথায় তাঁদের রাখা হয়েছিল, তা নিয়ে দীর্ঘ ২৪ ঘণ্টা নানা জল্পনা ও উৎকণ্ঠা তৈরি হয়।
অবশেষে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তিন সিজেপি নেতা ও ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দেয় দিল্লি পুলিশ। দীপকে-সহ তিন নেতাকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হলে আগামী এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে জামিন মঞ্জুর করা হয়। এই মুক্তির পর এক্স হ্যান্ডলে সিজেপির তরফে বার্তা দিয়ে জানানো হয়, “আরশোলা কখনও মরে না।” ঘটনাটিকে ঘিরে রাজধানী ও দেশজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং পরিস্থিতির পরবর্তী আপডেট জানতে সিজেপির সাংবাদিক বৈঠকের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।
