ভোট না দেওয়ার জের! কলকাতার মুসলিম কলোনিতে পানীয় জল বন্ধ? রাষ্ট্রসঙ্ঘে চিঠি TMC সাংসদের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার একটি নির্দিষ্ট সংখ্যালঘু কলোনিতে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তাঁর দাবি, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা মুসলিম হওয়ার কারণে এবং রাজনৈতিকভাবে শাসক দলের ভোটব্যাঙ্ক না হওয়ায় তাঁদের এই মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
সামিরুল ইসলামের মতে, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের অধিকার রাষ্ট্রস্বীকৃত মানবাধিকারের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে এই অমূল্য পরিষেবা থেকে বঞ্চিত রাখায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা এবং জীবনযাপনের অধিকার মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষজনের স্বাস্থ্যহানির পাশাপাশি এলাকায় ব্যাপক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই বঞ্চনার কারণ জানতে চেয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংস্থাগুলির জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এই তৃণমূল সাংসদ।
