‘মুখ্যমন্ত্রীকে এই অধিকার কে দিয়েছে?’ বাড়িতে হামলার পর বিস্ফোরক বিকাশ, তুঙ্গে রাজনীতি! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাড়ি ভাঙচুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ শব্দবন্ধ ব্যবহারের পর, তা সংশোধন করার নির্দেশ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সম্প্রতি মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি তাঁর বাড়িতে হামলা চালিয়ে মদের বোতল ছুড়ে ভাঙচুর ও গালাগাল করে। এর পর বিকাশবাবু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টের শব্দ সংশোধন করতে বলা হলে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রীকে এই নির্দেশ বা অধিকার কে দিয়েছেন? তিনি আরও দাবি করেন, হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ দুটি সম্পূর্ণ পরস্পরবিরোধী ধারণা এবং হিন্দুত্ববাদ বস্তুত গুন্ডামিরই নামান্তর।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশবাবু সাফ জানান, তিনি তাঁর পোস্ট থেকে কোনো শব্দই ডিলিট বা পরিবর্তন করবেন না। তাঁর দাবি, পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি বিজেপির মণ্ডল সভাপতি, যা বিরোধী শিবিরের মানসিকতা প্রকাশ করে। সরকারের হুঁশিয়ারি ও গুন্ডামির রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, শাসকদল কেবল অসংবেদনশীল আচরণ ও খিস্তি-খেউড়ের ভাষাতেই অভ্যস্থ। সাংবিধানিক বোধ তৈরি না হওয়া পর্যন্ত এদের ভাষা বদলাবে না বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
