পুজোর আবহেই কলকাতায় ‘ইডি ধাক্কা’! সকালেই শহরের ৮ ডেরায় কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন তল্লাশি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: দুর্গাপুজোর আমেজ শুরু হতেই তিলোত্তমায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। সোমবার, পুজোর দ্বিতীয়ীর সকালেই আর্থিক প্রতারণা ও অর্থ পাচার (Money Laundering) মামলার তদন্তে কলকাতার একাধিক জায়গায় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শরৎ বোস রোড ও টালিগঞ্জসহ শহরের মোট ৮টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
কিসের ভিত্তিতে এই অভিযান? তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘অমৃত প্রজেক্ট লিমিটেড’ নামে এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে মোটা অঙ্কের রিটার্নের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের থেকে বিপুল টাকা তোলার অভিযোগ রয়েছে। অভিযোগ, সেই অর্থ নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন রিয়েল এস্টেট ও নির্মাণ ব্যবসায়ে পাচার করা হয়েছে। এই আর্থিক কেলেঙ্কারির মূল উৎস এবং নেপথ্যে থাকা প্রভাবশালীদের খোঁজে জোরকদমে নেমেছে ইডি।
আগেও মেলে কোটি কোটি টাকার সন্ধান: এর আগে গত সেপ্টেম্বর মাসেও এই একই মামলায় কলকাতা ও ইন্দোরের ১৭টি জায়গায় ইডি অভিযান চালিয়েছিল। কলকাতার নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন অ্যাভিনিউ ও বেলেঘাটার মতো এলাকায় তল্লাশি চালিয়ে ৭৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি, নগদ ১ কোটি টাকা, ৪৮০০ মার্কিন ডলার এবং ২০ কোটি টাকার বেনামি লগ্নির নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি ‘মাস আর্ট’ দুর্নীতি মামলায় শহরের ১৫টি জায়গায় অভিযান চালানো এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির হানার খবর ঘিরে শোরগোল পড়েছিল। তার রেশ কাটতে না কাটতেই, পুজোর মুখে দ্বিতীয়ীর সকালেই শহরের ৮ ডেরায় ইডির এই আকস্মিক হানায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তিলোত্তমায়।
