‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ ধারণা শেষ! ইতিহাস বদলে দেবে না, নতুন ইতিহাস গড়ার হুঁশিয়ারি বামেদের – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষীদের অপমান ও জনবিরোধী নীতির প্রতিবাদে কলকাতায় বিশাল সমাবেশের ডাক দিল বামফ্রন্ট। পুলিশের তরফ থেকে বাধা এবং স্থান পরিবর্তনের জটিলতা কাটিয়ে শেষপর্যন্ত সুবোধ মল্লিক স্কোয়ারে আয়োজিত হয় এই প্রতিবাদী সভা। ধর্মতলার এই সমাবেশ থেকে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি অভিযোগ করেন, দেশে ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে এবং সাধারণ মানুষের ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধের ওপর নিরন্তর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। দেশে বিজেপির এই শাসনের অবসান এখন কেবল সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি।
সমাবেশ থেকে সেলিম আরও জানান, বিজেপি কোনো ‘গেম চেঞ্জার’ নয়, বরং কেবল একটি ‘নেম চেঞ্জার’ দলে পরিণত হয়েছে। দেশের কৃষ্টি, সংস্কৃতি ও সাধারণ মানুষের খাদ্যাভ্যাস জোর করে বদলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে কড়া হুংকার ছেড়ে তিনি বলেন, “ইতিহাস বদলাতে দেব না, নতুন ইতিহাস গড়ব।” বিজেপি সাধারণ মানুষের আয় কমিয়ে এবং ‘ক্রোনি ক্যাপিটালিস্ট’দের সুবিধা পাইয়ে দিয়ে দেশে ঘৃণা ও হিংসা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন বাম নেতারা। নতুন প্রজন্ম ইতিমধ্যেই মোদি সরকারের আসল চেহারা বুঝে প্রতিবাদে নেমেছে উল্লেখ করে দেশের গণতান্ত্রিক অধিকার ও সংস্কৃতি রক্ষার এই লড়াইয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মহম্মদ সেলিমসহ অন্যান্য শীর্ষ বামপন্থীরা।
