মাঠ দাপিয়েও মিলল না জয়, শেষ মুহূর্তের নাটকে হার দিয়ে আইএসএল অভিযান শুরু মোহনবাগানের! – এবেলা

এবেলা ডেস্কঃ
আইএফএ শিল্ড জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও আইএসএল মরশুমের শুরুটা মোটেও সুখকর হলো না মোহনবাগান সুপার জায়ান্টের। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হলো সবুজ-মেরুনকে। খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন মোহনবাগান ফুটবলাররা। তবে ফরোয়ার্ড লাইনের ব্যর্থতায় একের পর এক আক্রমণ ভেস্তে যায়। প্রথমার্ধে লি এরউইনের জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ—ম্যাচের অধিকাংশ সময়ই আধিপত্য বজায় রাখা সত্ত্বেও কাঙ্ক্ষিত গোল তুলে নিতে ব্যর্থ হয় দল।
গোল না পাওয়ার মাশুল শেষ মুহূর্তে হাতেনাতে দিতে হয় মোহনবাগানকে। ম্যাচের শেষ লগ্নে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মোহনবাগান দুর্গে আক্রমণ শানাতে শুরু করে নর্থইস্ট। খেলা শেষের মাত্র পাঁচ মিনিট আগে প্রতিপক্ষের আক্রমণ বক্সের ভেতরে ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন সবুজ-মেরুন ডিফেন্ডাররা। সেখান থেকেই বল গোলপোস্টে লেগে ফেরত এলে অত্যন্ত দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে দেন জিতিন এমএস। গোলরক্ষক বিশাল কাইথ আপ্রাণ চেষ্টা করেও দলকে বাঁচাতে পারেননি। ১-০ গোলের এই নাটকিয় জয়ে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হাইল্যান্ডররা, আর হারের হতাশা নিয়েই অভিযান শুরু করতে হলো মেরিনার্সদের।
