যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ! মধ্যপ্রাচ্যের এই দেশে রেকর্ড পরিমাণ চাল পাঠাচ্ছে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যে বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশনের পক্ষ থেকে তিনটি বড় কার্গো জাহাজের মাধ্যমে ইরাকে মোট ১ লক্ষ ২ হাজার ২১০ টন বাসমতি চাল পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৮১০ টন চাল বহনকারী প্রথম জাহাজটি ইতিমধ্যেই ইরাকের উম্ম কাসর বন্দরে পৌঁছে গেছে এবং সেখানে চাল খালাসের কাজ শুরু হয়ে গেছে। বাকি দুটি জাহাজও নির্দিষ্ট পরিমাণে চাল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে।
ভারতীয় বাসমতি চালের জন্য পশ্চিম এশিয়া অন্যতম বৃহত্তম আঞ্চলিক বাজার হিসেবে পরিচিত। তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে ভারত পশ্চিম এশিয়ার দেশগুলোতে হাজার হাজার কোটি টাকার চাল রফতানি করেছে। বর্তমান পরিস্থিতিতে পরিবহণ খরচ হ্রাস এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যা ভারতীয় রফতানিকারক ও বিদেশি ক্রেতা উভয়কেই দীর্ঘমেয়াদে লাভবান করবে।
