দেবীপক্ষে পাহাড়ে অভিনব চমক, রবীন্দ্রনাথের স্মৃতি ছুঁয়ে এবার বিশেষ টয়ট্রেন মুক্তধারা – এবেলা

দেবীপক্ষে পাহাড়ে অভিনব চমক, রবীন্দ্রনাথের স্মৃতি ছুঁয়ে এবার বিশেষ টয়ট্রেন মুক্তধারা – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরশুমে পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও পাহাড়ের প্রতি অনুরাগকে সম্মান জানাতে কার্শিয়াং স্টেশন থেকে চালু হয়েছে ডিজেল ইঞ্জিন চালিত বিশেষ টয়ট্রেন পরিষেবা ‘মুক্তধারা জয়রাইড’। রবিবার থেকেই সূচনা হওয়া এই বিশেষ পরিষেবাটি কার্শিয়াং থেকে মহানদী এবং মহানদী থেকে পুনরায় কার্শিয়াং পর্যন্ত রুটে যাতায়াত করবে। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, কবিগুরুর লেখনীতে উঠে আসা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিখ্যাত ‘পাগলাঝোড়া’-র স্মারক হিসেবেই এই সফরের নাম রাখা হয়েছে ‘মুক্তধারা’। শারদোৎসবে আগত পর্যটকদের সম্পূর্ণ এক অনন্য অনুভূতি উপহার দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

পর্যটকদের বিনোদন এবং স্থানীয় অর্থনৈতিক বিকাশের বিষয়টি মাথায় রেখেই বিশেষ এই জয়রাইডের সময়সূচি সাজানো হয়েছে। নতুন ‘মুক্তধারা’ ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টে ১৫ মিনিটে কার্শিয়াং থেকে রওনা হয়ে পাহাড়ি আলোছায়া ঘেরা পথ ধরে মহানদী ঘুরে বিকেল ৫টায় কার্শিয়াং ফিরবে। ১ ঘণ্টা ৪৫ মিনিটের এই রোমাঞ্চকর সফরে পর্যটকরা বিকেলের ক্যানভাসে আঁকা ছবির মতো পাহাড়ি পথ, ছোট ছোট জনপদ ও সবুজ চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। অল্প সময়ের এই সফর পাহাড়প্রেমী পর্যটকদের অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *