‘ভারতবিরোধী শক্তির বিনাশ হোক!’ দুর্গাপুজোয় মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল – এবেলা

‘ভারতবিরোধী শক্তির বিনাশ হোক!’ দুর্গাপুজোয় মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল – এবেলা

এবেলা ডেস্কঃ

দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। রাজ্যজুড়ে এখন খুশির আমেজ। এই আবহে মা দুর্গার কাছে এক বিশেষ প্রার্থনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ভারতবিরোধী শক্তিগুলিকে শেষ করে দাও মা।”

সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি প্রাক-পুজো উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় ভারতবিরোধী ও স্বার্থপর শক্তিগুলোর বিরুদ্ধে কড়া বার্তা দেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, “এতদিন যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই ভাবেনি, সেই বদমায়েশদের শেষ করে দাও মা।”

অগ্নিমিত্রার কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশ এগিয়ে চলেছে এবং ভারত আরও শক্তিশালী হয়ে উঠছে। দেশের এই অগ্রযাত্রায় যারা বাধা দিতে চাইছে, তুমি তাঁদের শেষ করে দাও মা। নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া যারা কিচ্ছু বোঝে না, মা যেন তাঁদের ধ্বংস করেন। আমার একান্ত প্রার্থনা, দেশ ও রাজ্যজুড়ে থাকা এই ধরনের সমস্ত শক্তির বিনাশ হোক।”

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকারও বার্তা দেন তিনি। পুরমন্ত্রী জানান, পুজোর দিনগুলিতেও জরুরি পরিষেবা পুরোপুরি চালু থাকবে। রাস্তায় থেকে সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখবেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। তবে শুধু প্রশাসন সচেতন থাকলেই হবে না, সাধারণ মানুষকেও সমানভাবে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা ও বাংলার সংস্কৃতির বিরোধিতা করবে— এই ধরণের অপপ্রচার যে সম্পূর্ণ ভুল, তার প্রমাণ মিলেছে মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে হওয়া বিপুল জনসমাগমে। আগামী দিনেও বাংলা সংস্কৃতির প্রসারে আরও নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকালের এই অনুষ্ঠানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাবলাম এস। পুজো নিয়ে বিশেষ বার্তার পাশাপাশি তাঁরা আতসবাজি প্রদর্শন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *