মাঝরাস্তায় কোমরে দড়ি! ক্ষোভের আগুনে ফুটছে হুগলি, তৃণমূল নেতার ওপর যা চলল… – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তীব্র জনরোষের মুখে পড়তে শুরু করেছেন শাসকদলের একাধিক নেতা। এবার দুর্নীতির পুরনো অভিযোগ তেেলে হুগলির জাঙ্গিপাড়ায় প্রকাশ্য রাস্তায় চরম হেনস্থার শিকার হলেন এক তৃণমূল নেতা। রাজবলহাট-১ পঞ্চায়েতের উপপ্রধান বাবলু শীলের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ থাকলেও এতদিন ভয়ে মুখ খুলতেন না স্থানীয়রা। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়। এদিন ওই নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁর পরনের জামা খুলে নেওয়া হয় এবং কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়ায় রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাঙ্গিপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন আক্রান্ত তৃণমূল নেতা বাবলু শীল। অন্যদিকে, স্থানীয় বিধায়ক প্রসেনজিৎ বাগ স্পষ্ট জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির কারণে মানুষের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তবে বিজেপি কোনো ধরনের হিংসাকে সমর্থন করে না।
