চিনকে কড়া বার্তা ভারতের! লাদাখে বিরাট পদক্ষেপ দিল্লির, জিনপিংকে চাপে ফেলল মোদী সরকার? – এবেলা

এবেলা ডেস্কঃ
চিন ও পাকিস্তানের যৌথ পদক্ষেপের পালটা জবাব হিসেবে লাদাখের ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিজেদের মানচিত্রে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত ও নামকরণ করেছে ভারত। এর মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত গোগরা ও হট স্প্রিং-এর মতো সংবেদনশীল সীমান্ত এলাকাও রয়েছে। ভারতের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো মানচিত্র তৈরির প্রক্রিয়া সুবিন্যস্ত করা এবং সীমান্তবর্তী অঞ্চল সম্পর্কে সচেতনতা বাড়ানো। তবে নয়াদিল্লির এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করে চিন এটিকে ‘একতরফা ও অবৈধ’ বলে দাবি করেছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চিন কখনওই এই কেন্দ্রশাসিত অঞ্চল ও ভারতীয় নামকরণের স্বীকৃতি দেবে না এবং সংশ্লিষ্ট এলাকাগুলোকে চিনের অংশ বলেই মনে করে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আগ্রাসী চিনের কৌশলকে প্রতিহত করতেই ভারতের এই দৃঢ় পদক্ষেপ। এর আগে পাকিস্তান ও চিনের তথাকথিত ‘যৌথ সীমান্ত কমিশন’ এবং ১৯৬৩ সালের সীমান্ত চুক্তিকে অবৈধ ঘোষণা করে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ভারত। স্পষ্ট বার্তায় নয়াদিল্লি জানিয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই এই ভূখণ্ড নিয়ে চিনের সঙ্গে পাকিস্তানের আলোচনা সম্পূর্ণ আইনি ভিত্তিহীন। চিনের যেকোনো দাবি উড়িয়ে দিয়ে নিজেদের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় অটল অবস্থান স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।
