উৎসবের আবহেই নেমে এলো অন্ধকার, বিহারের গঙ্গায় নৌকাডুবে প্রাণ গেল অন্তত ১০ জনের – এবেলা

উৎসবের আবহেই নেমে এলো অন্ধকার, বিহারের গঙ্গায় নৌকাডুবে প্রাণ গেল অন্তত ১০ জনের – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরশুমে বিহারের হাজিপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বহু তরুণের। রামপুর শ্যামচাঁদ গ্রামের অন্তত বিশ জন কিশোর ও যুবক একটি নৌকায় চেপে গঙ্গায় পিকনিক করতে গিয়েছিলেন। কিন্তু নদীর মাঝামাঝি পৌঁছাতেই আচমকা নৌকাটি উল্টে গিয়ে সলিল সমাধি ঘটে একাধিক যাত্রীর। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। গভীর রাতের অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও এখন পর্যন্ত অন্তত ৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর থেকে বহু যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে সঠিক মৃত্যুর সংখ্যা নিশ্চিত না করলেও স্থানীয় সূত্রের দাবি, অন্তত ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। নদী তীরে ভিড় জমিয়েছেন স্বজনহারা ও উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। জেলা প্রশাসন ডুবুরি নামিয়ে রাতভর নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়েছে এবং উদ্ধার হওয়া মৃতদেহ শনাক্তকরণের কাজ অব্যাহত রেখেছে। এই ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *