মুম্বইয়ে ছবি তৈরির টোপ দিয়ে বড়সড় প্রতারণা, পুজোয় কলকাতায় এসেও নিখোঁজ প্রযোজক! – এবেলা

মুম্বইয়ে ছবি তৈরির টোপ দিয়ে বড়সড় প্রতারণা, পুজোয় কলকাতায় এসেও নিখোঁজ প্রযোজক! – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের খ্যাতনামা এক বাঙালি সুরকার ও গায়ককে প্রায় ১৩ লক্ষ ৪৪ হাজার টাকার প্রতারণার অভিযোগে শোরগোল তৈরি হয়েছে। মুম্বইয়ের আন্ধেরির একটি স্টুডিওতে পরিচয় হওয়ার পর ছবি তৈরির ভুয়া চুক্তিপত্র দেখিয়ে অভিযুক্ত প্রযোজক সুরকারকে ১১ লক্ষ ৮০ হাজার টাকার একটি চেক দেন। এরপর ইউপিআই বন্ধের বাহানায় জরুরি দরকারে আরও ৩০ হাজার টাকা নগদ নেন তিনি। শুধু তাই নয়, ওই সুরকারের ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ লক্ষ ২৪ হাজার টাকার কেনাকাটাও সেরে ফেলে অভিযুক্ত। সব মিলিয়ে বিপুল অর্থ হাতানোর পর পুজোর মুখে নিখোঁজ হয়ে যান তিনি।

টাকা ফেরত না পেয়ে এবং কলকাতায় দেখা করার প্রতিশ্রুতি দিয়েও দেখা না করায় শেষ পর্যন্ত প্রতারণার শিকার ওই গায়ক-সুরকার মধ্য কলকাতার তালতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, গত ৬ সেপ্টেম্বর মুম্বইয়ে পরিচয় হওয়া ওই ব্যক্তি নিজেকে সিনেমার প্রযোজক হিসেবে পরিচয় দিয়ে পুরো প্রতারণা চক্রটি সাজান। ক্রেডিট কার্ডের অননুমোদিত ব্যবহার ও অর্থ জালিয়াতির সমগ্র ঘটনা খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *