অবকাশকালীন বেঞ্চ নিয়ে আদালতের তীব্র ভৎসনা, পুজোর মুখেই চরম অস্বস্তিতে অভিষেক! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিলবোর্ড মামলায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরার পর কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে চলা বিভিন্ন তদন্তের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া বন্ধ করতে এবং জরুরি শুনানির আর্জি জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর এই দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। একই সঙ্গে সংবাদমাধ্যমের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করতেও সরাসরি অস্বীকার করেছে আদালত।
সাংসদের আইনজীবী মামলাটি অবকাশকালীন বেঞ্চে পাঠানোর অনুরোধ জানালে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিচারপতি। আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ কোনো ধাপার মাঠ নয় যেখানে সব মামলা পাঠিয়ে দেওয়া হবে। ফলে জরুরি ভিত্তিতে কোনো স্বস্তি পেলেন না তৃণমূল সাংসদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই এই বহুল চর্চিত মামলার পরবর্তী শুনানি সম্পন্ন হবে।
