মক্কার মসজিদে অনৈতিক কাজের চরম শাস্তি! দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ঘিরে নেপথ্যে কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
সৌদি আরবের মক্কার একটি মসজিদের ভিতরে অনৈতিক কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত এক নারী ও এক পুরুষসহ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার নামের ওই দুই নাগরিকের সাজা কার্যকর করা হয়। ইসলামি আইনের তাজির বা বিচারকের বিবেচনাধীন শাস্তির বিধান প্রয়োগ করে আদালত এই রায় দেয় এবং পরবর্তীতে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তা বহাল রাখে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তদের অপরাধের গুরুত্ব এবং পবিত্রস্থানের মর্যাদাহানির বিষয়টি বিচার করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের অননৈতিক কাজের জন্য এই চরম সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেফতার করে আদালতে পাঠায় এবং আইনি প্রক্রিয়া শেষে রাজকীয় নির্দেশেই এই দণ্ড কার্যকর করা হয়। দেশের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
