দিল্লিতে উত্তপ্ত পরিবেশ! ‘আরশোলা’দের কড়া হুঙ্কার দিয়ে বড় ঘোষণা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজো উদ্বোধনে গিয়ে দিল্লিতে ‘আরশোলা’দের বিক্ষোভ প্রসঙ্গে চাঁছাছোলা ভাষায় তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম সমাজশিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো সূচনায় উপস্থিত হয়ে তিনি দাবি করেন, বিদেশি শক্তির উস্কানিতে দেশকে ভেতর থেকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়ে তিনি সাফ বলে দেন, ভারতের জনগণ এসব মেনে নেবে না এবং পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো অবস্থাতেই এই ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না।
নির্বাচন কমিশনারদের মত উপেক্ষা করা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমেছিল ‘ককরোচ জনতা পার্টি’। সেই প্রেক্ষিতেই শুভেন্দুর এই কড়া প্রতিক্রিয়া। পাশাপাশি পাঁশকুড়ার সার্বিক অগ্রগতি প্রসঙ্গে তিনি আশ্বাস দেন যে, এলাকায় উন্নয়নের কাজ কোনোভাবেই থমকে থাকবে না। বিধায়ক সিন্টু সেনাপতির নেতৃত্বে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং উন্নয়নের পথে অর্থ কখনো বাধা হয়ে দাঁড়াবে না।
