মহাসপ্তমীতে বৃষ্টির চোখ রাঙানি, কলকাতা সহ কোন কোন জেলায় ভিজবে মণ্ডপ? – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের আনন্দ ম্লান করতে সপ্তমীর সকালে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেহলাও ভিজতে পারে। মহাসপ্তমীর দিন শহরবাসীর ঠাকুর দেখার আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে এই দুর্যোগ। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের পর হাওয়া বদল হতে পারে এবং শহরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু অংশেও হালকা বর্ষণ হতে পারে। তবে স্বস্তির খবর হলো, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কমতে পারে। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে ঘর থেকে বেরোনোর আগে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন যাতে হুট করে বৃষ্টিতে বিপাকে পড়তে না হয়।
