স্বামীর রিকশা হাতে জীবনের যুদ্ধজয়! অদম্য সাহসে অনন্য নজির অশোকনগরের এই ‘দুর্গা’র – এবেলা

এবেলা ডেস্কঃ
সংগ্রাম ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য নজির গড়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ৫১ বছর বয়সি ‘নির্মল বন্ধু’ রেখা চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে অসুস্থতায় স্বামী অজয় চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে এবং রুজিরুটি বাঁচাতে তিনি বেছে নেন স্বামীর সেই তিনচাকার আবর্জনা সংগ্রহের গাড়িটি। ছোটবেলায় ঠিকমতো সাইকেল চালাতে না শিখলেও, চরম প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে কঠোর পরিশ্রমে শেখেন ভ্যানরিকশা চালানো। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদিন সকালে তাঁর হুইসেলের শব্দেই ঘুম ভাঙে বাসিন্দাদের, আর হাসিমুখে বাড়ি বাড়ি গিয়ে তিনি সংগ্রহ করেন গৃহস্থালির আবর্জনা।
প্রশাসনের পক্ষ থেকে অন্য কাজের প্রস্তাব দেওয়া হলেও স্বাবলম্বী হওয়ার তাগিদে স্বামীর স্মৃতি জড়িয়ে থাকা এই কাজকেই বেছে নেন রেখা। শত কষ্টের মাঝেও দুই মেয়ের বিয়ে দিয়েছেন এবং একা হাতেই সামলাচ্ছেন জীবনসংগ্রাম। তাঁর এই দায়িত্ববোধ, সদালাপী ব্যবহার এবং পরিশ্রমী মনোভাবের কারণে তিনি আজ পুরো এলাকাবাসীর অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছেন। অসুস্থতার কারণে কোনোদিন কাজে না যেতে পারলে প্রতিবেশীরাই উদ্বিগ্ন হয়ে খোঁজ নেন তাঁর। জীবনের নানা প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা রেখা চট্টোপাধ্যায় আজ স্থানীয় মানুষ ও পুরসভার কাছে এক অনুকরণীয় অনুপ্রেরণা।
