তুলকালাম! এন্টালিতে বামেদের বুকস্টল ভাঙচুর, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস – এবেলা

তুলকালাম! এন্টালিতে বামেদের বুকস্টল ভাঙচুর, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবে যখন সেজে উঠেছে তিলোত্তমা, ঠিক সেই সময়েই কলকাতার এন্টালিতে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল। পুজোর প্রাক্কালে ৫৬ নম্বর ওয়ার্ডে একটি সিপিএমের বুকস্টলে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুরের পাশাপাশি বই মাটিতে ফেলে নষ্ট করা হয় এবং উপস্থিত কর্মী-সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এই সংঘর্ষের জেরে ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা দেবেশ দাসও আক্রান্ত হন। বাম শিবিরের দাবি, একই দিনে দু’দফায় এই হামলা চালানো হয়েছে এবং এই ঘটনার পেছনে স্থানীয় বিজেপি নেতা ও তাঁর অনুগামীরা যুক্ত রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে এবং উপযুক্ত আইনি পদক্ষেপের দাবিতে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, কাঁচরাপাড়া ও ঢাকুরিয়ার পর কলকাতার বুকে এই ধরনের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও সিপিএমের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে একে রাজনৈতিক ‘নাটক’ বলে কটাক্ষ করা হয়েছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একের পর এক বুকস্টলে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *