জ্ঞানেশের পদত্যাগ দাবিতে ফের ফুঁসছে ‘ইন্ডিয়া’ জোট! আজই হাই-ভোল্টেজ বৈঠকে মমতারা – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজো মিটতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। পরবর্তী রাজনৈতিক রণকৌশল চূড়ান্ত করতে আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন জোটের শীর্ষস্থানীয় নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এর আগে ভোটচুরি ও এসআইআর বাতিলের অভিযোগে রাজধানী দিল্লিতে লাগাতার বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা। উৎসবের মরশুমে আন্দোলন সাময়িক স্তিমিত হলেও, তা এবার আরও তীব্র আকার ধারণ করতে চলেছে।
আগামী ১ নভেম্বর ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের অংশ হিসেবে দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছে বিরোধী শিবির। তবে কেবল মিছিল নয়, রাজধানীর বুকে আন্দোলনের চাপ আরও বাড়াতে একাধিক বিকল্প কৌশল নিয়ে আলোচনা চলছে এই বৈঠকে। সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি জানিয়েছেন, আগের কর্মসূচি সফল হয়েছে এবং এখন বিভিন্ন বিকল্প পথ বেছে নিয়ে যৌথভাবে লড়াই চালিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করা হচ্ছে। আজকের এই বৈঠক থেকে বিরোধী জোটের পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের ধারাল রূপ কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
