সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির রিপোর্টে নামই নেই! বকেয়া ডিএ নিয়ে চরম ক্ষোভে শিক্ষক ও গ্রান্ট-ইন-এইড কর্মীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় সুপ্রিম কোর্টে সম্প্রতি তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে ইন্দু মলহোত্রের নেতৃত্বাধীন মনিটরিং কমিটি। তবে ৬৪ পাতার এই রিপোর্টে ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া হিসাব তুলে ধরা হলেও শিক্ষক, শিক্ষাকর্মী এবং ‘গ্রান্ট-ইন-এইড’ কর্মীদের দাবির কোনো উল্লেখ নেই। অভিযোগ, রিপোর্ট তৈরির আগে তথ্য সংগ্রহ করা সত্ত্বেও তাদের বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনগুলি।
পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া ডিএ না মিটিয়ে রাজ্য সরকার কেন মনিটরিং কমিটির রিপোর্টের ওপর নির্ভর করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা। একই সঙ্গে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী ২৭ অক্টোবর লক্ষ্মীপুজোর পর সুপ্রিম কোর্টে এই মামলার মূল শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগেই মনিটরিং কমিটি ও রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ বাড়ছে বঞ্চিত কর্মীদের মধ্যে।
