সিকিম-ভুটান সীমান্তে ভয়াবহ জলপ্রলয়! উত্তরবঙ্গ কি বড় বিপদমুক্ত? জানুন নবান্নের বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
হিমবাহ হ্রদ ফেটে আকস্মিক জলপ্রলয়ে বিপর্যস্ত ভুটান। এর জেরে উত্তরবঙ্গের নদীগুলোতে বড় বিপদের আশঙ্কা তৈরি হলেও, প্রশাসনের তৎপরতায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। শুক্রবার সল্টলেকে এক বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পরিস্থিতির ওপর রাতভর কড়া নজর রাখা হয়েছে এবং উত্তরবঙ্গের সংকোশ নদী বর্তমানে বিপদসীমার নিচেই বইছে। নিখোঁজ সংক্রান্ত প্রাথমিক আশঙ্কাও কেটে গিয়েছে এবং সমস্ত নাগরিক নিরাপদে রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম ভুটানের গাসা জেলায় হিমবাহ ধসে শিন্তাফু হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে এই বিপর্যয় ঘটে। হড়পা বানে ভুটানের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জল মফু নদী হয়ে সংকোশ নদীর দিকে ধেয়ে আসে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি এড়াতে ভুটান সরকারের আগাম সতর্কবার্তায় তৎপর হয় রাজ্য প্রশাসন। আলিপুরদুয়ারের প্রায় ১২ হাজার বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া এবং তাঁদের জন্য প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করা হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
