দীপাবলির আগেই চরম ভোগান্তি! ব্লু লাইনে একটানা ৯ ঘণ্টা বন্ধ মেট্রো পরিষেবা, কোন কোন স্টেশন ছায়াচ্ছন্ন থাকবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীপাবলির আনন্দ উদযাপনের ঠিক আগে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা। আগামী ১ নভেম্বর রবিবার, ছুটির দিনেই আংশিক বন্ধ থাকতে চলেছে শহরের লাইফলাইন ব্লু লাইনের মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নেতাজি ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ তথা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই দীর্ঘ সময়ে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত আংশিক রুটে ট্রেন চলাচল সচল রাখা হবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। তবে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর উভয় প্রান্ত থেকেই নির্ধারিত সময়েই দিনের শেষ মেট্রো ছেড়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের সমস্ত অংশে স্বাভাবিক পরিষেবা পুনর্বহালের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এই সময়ে ইয়েলো ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও রবিবার হওয়ায় পার্পল ও অরেঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
