উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ও সময় বদল নিয়ে বড় দাবি, শিক্ষকদের ৩০ দফার চিঠি সংসদ সভাপতিকে – এবেলা

এবেলা ডেস্কঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সকাল দশটার পরিবর্তে দুপুর বারোটায় শুরু করা এবং প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত একদিন করে ছুটি রাখার দাবিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত কুমার মণ্ডলের কাছে আবেদন জানিয়েছে শিক্ষকদের একাংশ। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জমা দেওয়া ৩০ দফার ওই চিঠিতে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন, প্রশ্নপত্রের ধরন, খাতা দেখা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। সিবিএসই ও আইসিএসই বোর্ডের পরীক্ষার রুটিনের উদাহরণ দিয়ে পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে রাজ্যজুড়ে একই রুটিন চালু করার পাশাপাশি সব বিভাগের পাঠ্যবই বিনামূল্যে বিতরণের দাবিও জানানো হয়েছে।
প্রশ্নপত্রের বিন্যাস আরও সহজবোধ্য করা, প্রশ্নপত্র প্রথমে বাংলা ভাষায় রাখা এবং একাধিক ভাষার জন্য বাড়তি পৃষ্ঠা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। উত্তরপত্র মূল্যায়নের সময়সীমা অন্তত দশ দিন বাড়ানো এবং খাতা দেখার সুবিধার্থে শিক্ষকদের অতিরিক্ত দুটি অন ডিউটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক স্থায়ী শিক্ষক নিয়োগ, একাদশ শ্রেণির প্রশ্নপত্র তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয় বা কলেজের পরিবর্তে অভিজ্ঞ স্কুল শিক্ষকদের দেওয়া এবং পাঠ্যক্রমে লাইব্রেরী সায়েন্স অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছে।
