পুলিশের জালে অস্ত্রধারী তোলাবাজ চক্র, উদ্ধার নগদ চার লক্ষ টাকা – এবেলা

পুলিশের জালে অস্ত্রধারী তোলাবাজ চক্র, উদ্ধার নগদ চার লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির মগরায় অস্ত্র দেখিয়ে তোলাবাজি চালানোর অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, দশ রাউন্ড কার্তুজ এবং নগদ চার লক্ষ টাকা। রবিবার এক সাংবাদিক বৈঠকে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং এই চাঞ্চল্যকর তথ্য জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কেনারাম বিশ্বাস, অরিন্দম দাস, স্বরাজ ভট্টাচার্য এবং অভিজিৎ ঘটক। শনিবার রাতে মগরার ত্রিবেণী ঘাট এলাকায় মুন্না তেওয়ারির বাড়িতে জড়ো হয়ে অপরাধমূলক ষড়যন্ত্র করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুষ্কৃতীচক্রের মূল মাথা স্বরাজ ভট্টাচার্য ও ভাস্কর সেন। ঘটনার পর থেকে মুন্না তেওয়ারি, ভাস্কর সেন এবং সোমু নামে আরও তিনজন দুষ্কৃতী পলাতক রয়েছে। তাদের ধরতে ইতিমধ্যে জোরদার তল্লাশি শুরু করেছে মগরা থানার পুলিশ। উদ্ধার হওয়া চার লক্ষ টাকা এবং অস্ত্রগুলি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতেও ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *