চালের ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার হাওয়ালা কারবার! ইডির মারণ হানায় শহরে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
সাতসকালে ফের রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে চাঞ্চল্য ছড়াল। গুয়াহাটির একটি সাইবার প্রতারণা মামলার সূত্র ধরে বুধবার সকালে কামালগাজির এক চাল ব্যবসায়ীর বাড়ি ও অফিস-সহ একাধিক ঠিকানায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় একযোগে চলা এই তল্লাশিতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ী শ্যামল ব্যাপারী চাল ব্যবসার আড়ালে ইন্টারনেটের মাধ্যমে হাওয়ালার বিপুল অর্থ এদিক-ওদিক করতেন বলে অভিযোগ। আসামের মামলার সঙ্গে এই আর্থিক লেনদেনের যোগ কীভাবে তৈরি হলো, তা বর্তমানে তদন্তকারীদের প্রধান নজরে রয়েছে। অভিযানে ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি বেশ কিছু সন্দেহভাজন ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
