কমিশনের বড় স্বস্তি! খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে? আপনার জন্য জারি নতুন নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া চরম বিভ্রান্তি ও বিতর্ক কাটাতে অবশেষে বড় পদক্ষপ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা যদি পুনরায় নাম তোলার জন্য ‘ফর্ম-৬’ পূরণ করে নিজেদের ‘প্রথমবার ভোটার’ হিসেবে দাবি করেন, তবে তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী মিথ্যা ঘোষণার জন্য কারাদণ্ড বা জরিমানার আইনি ভয় থাকলেও, এই বিশেষ ক্ষেত্রে সেই সংক্রান্ত সমস্ত ধোঁয়াশা ও হেনস্তার আশঙ্কা দূর করল কমিশন।
মঙ্গলবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) চিঠি পাঠায়ে নির্বাচন কমিশন এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। সেখানে সাফ জানানো হয়েছে, বাদ পড়া ভোটারদের এমন ঘোষণাকে কোনোভাবেই মিথ্যা বলে গণ্য করা হবে না এবং তাঁদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তবে কমিশন একটি বিশেষ শর্ত বেঁধে দিয়ে জানিয়েছে যে, আবেদনকারীর নাম যেন অন্য কোনো লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় না থাকে। রাজনৈতিক জট ও সুপ্রিম কোর্টের মৌখিক আশ্বাসের পর কমিশনের এই জলবৎ তরলং নির্দেশে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন দেশের বহু সাধারণ মানুষ।
