সপ্তাহান্তেই হু হু করে নামবে তাপমাত্রা, কালীপুজোয় কি ভেস্তে যাবে আনন্দ, রইল আবহাওয়ার মেগা আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে বুধ সকালে কলকাতার আকাশ মেঘলা এবং বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। চলতি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এর ফলে পশ্চিমের জেলাগুলোতে সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার পরশ মিলবে। তবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কায় কালীপুজোর সময় অর্থাৎ ৯ নভেম্বর সোমবার থেকে ফের আবহাওয়ার বদল ঘটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত ভারী দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। ১২ নভেম্বরের পর থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হলে ধীরে ধীরে তাপমাত্রা আরও নামবে এবং শীতের আমেজ স্পষ্ট হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকলেও রাতের দিকে পারদ নামায় কিছুটা স্বস্তি মিলবে। উত্তরবঙ্গের আট জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টি না হলেও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। সামগ্রিকভাবে শীতের জোরালো আগমন এখনই না ঘটলেও চলতি সপ্তাহের শেষেই বঙ্গবাসী আবহাওয়ার এক মনোরম পরিবর্তনের সাক্ষী হতে চলেছে।
